
মোঃ ইনতাজ হোসেন (বান্দরবান)
বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি (১৬২৫৫)-কে বিদায় সংবর্ধনা দিয়েছে জাতীয় দৈনিক সংবাদ দিগন্তের জেলা প্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা। সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে শামীম আরা রিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর প্রশাসনিক প্রজ্ঞা, মানবিক দৃষ্টিভঙ্গি ও জনকল্যাণমুখী উদ্যোগ জেলার সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে।
উপস্থিত ছিলেন সংবাদ দিগন্ত পরিবারের জেলা প্রতিনিধি মোঃ ইনতাজ হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব এস এম আকাশ, এবং কেয়ার বাংলাদেশ-এর সিএম শামীম আকতার পিংকিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও মানবাধিকার সংগঠনের নেতারা।
বক্তারা আরও বলেন, শামীম আরা রিনির কর্মদক্ষতা ও ন্যায়নিষ্ঠা ভবিষ্যতেও প্রশাসনের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। বিদায় মুহূর্তে তাঁরা তাঁর সুস্বাস্থ্য ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও সম্মান প্রদর্শনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা উপস্থিত সকলের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।