
উথোয়াই খৈ রাখাইন, স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া এলাকায় বিশেষ অভিযানে চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা (বন্দর) বিভাগ। গত ৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে রাজাখালী এলাকায় হাজী আবুল কালাম গ্রুপের একটি গ্যারেজে অভিযান চালিয়ে মো. মাসুদ রানাকে (৩২) আটক করা হয়। তিনি রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে বাকলিয়া থানার পাঞ্জাবী কলোনিতে বসবাস করতেন।
অভিযানকালে একটি কাভার্ডভ্যান থেকে ৮৫ বান্ডেল, অর্থাৎ মোট ১,৫৩০ কেজি সুতি ও পলিয়েস্টার মিশ্রিত রোল কাপড় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাপড়গুলো বিভিন্ন কার্টনে সংরক্ষিত ছিল এবং প্রাথমিকভাবে এগুলো চোরাইকৃত বলে নিশ্চিত করেছে পুলিশ। জব্দকৃত মালামালের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেন যে, তিনি একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গোডাউন ও কাভার্ডভ্যান থেকে কৌশলে কাপড় চুরি করে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় ৬ এপ্রিল ২০২৬ তারিখে বাকলিয়া থানায় পেনাল কোডের ৪১৩/৩৪ ধারায় মামলা (মামলা নং-১০) দায়ের করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।