
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদকঃ
লোকসংগীতের অমর সাধক ও একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম-এর ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে দিরাই উপজেলার উজানধল গ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘শাহ্ আব্দুল করিম লোক উৎসব-২০২৬’। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং শাহ্ আব্দুল করিম পরিষদের বাস্তবায়নে এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাছির চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাকির হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহ আব্দুল করিম তাঁর কালজয়ী গানে মানবতা, প্রেম ও সমাজবাস্তবতার গভীর বাণী তুলে ধরেছেন, যা যুগে যুগে মানুষকে আলোকিত করেছে। তাঁর সংগীত শুধু বিনোদন নয়, বরং সমাজ পরিবর্তনের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেছে এবং বাংলার লোকসংস্কৃতিকে বিশ্বদরবারে বিশেষ মর্যাদা এনে দিয়েছে।
উৎসব উপলক্ষে আয়োজিত লোকসংগীত পরিবেশনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত খ্যাতিমান ও নবীন শিল্পীরা অংশগ্রহণ করেন। বাউল গান, পালাগান ও আঞ্চলিক সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে পুরো উৎসব প্রাঙ্গণ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
দুই দিনব্যাপী এ উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শাহ আব্দুল করিম-এর জীবন ও কর্ম তুলে ধরা এবং বাংলার সমৃদ্ধ লোকঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।