
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যয়নকালে ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান।
পরবর্তীতে তিনি বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হওয়ার পাশাপাশি জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই বছর তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন। পরে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও অবদান রয়েছে তার। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় এক দশক অধ্যাপনা করেন। পেশায় তিনি একজন আইনজীবী।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নিয়োগকে স্বাগত জানিয়ে তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন।