
বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনা-২ (পাথরঘাটা–বামনা–বেতাগী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম মনি মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি তার বিরুদ্ধে জামায়াতে ইসলামী প্রার্থী ডা. সুলতানের আনা অভিযোগের খণ্ডন করেন এবং পাল্টা বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।
নুরুল ইসলাম মনি বলেন, তিনি পূর্বে তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং সবসময় আইন মেনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেছেন। তার বিরুদ্ধে অতীতে কোনো গুরুতর অভিযোগ ছিল না বলেও তিনি দাবি করেন।
তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি বরগুনা-২ আসনে বহিরাগতদের বোরকা পরিহিত অবস্থায় নির্বাচনী এলাকায় প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার বিষয়ে তথ্যপ্রমাণসহ নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াত-সমর্থিত কর্মীরা বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে ভোটারদের বিকাশ নম্বর সংগ্রহ করে নির্বাচনের আগে অর্থ লেনদেনের প্রস্তুতি নিচ্ছে। এ ধরনের অবৈধ লেনদেন প্রতিরোধে নির্বাচনের সময় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সাময়িকভাবে বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ফেইক আইডি ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে এবং নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চলছে। নির্বাচনের দিন ও ভোট গণনার সময় কিছু কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটারদের শান্তিপূর্ণ ভোটদানের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো নির্বাচনী আচরণবিধি ২০২৫ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করেন বিএনপি প্রার্থী নুরুল ইসলাম মনি।