
বগুড়ার আলোচিত ব্যবসায়ী মোঃ আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, সিপিএসসি বগুড়া। শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মামলার ৪নং আসামী বাশির আহম্মেদ (২৬) এবং ৫নং আসামী মোঃ নাজির হোসেন (২৮)। তারা দুজনেই বগুড়ার শাহজাহানপুর উপজেলার বাদাইকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, নিহত মোঃ আল আমিন (৩৫) বগুড়া নিউমার্কেটের ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন ধরে আসামিরা তার কাছ থেকে চাঁদা দাবি ও মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে আসছিল। গত ২৮ জুলাই সকালে ব্যবসার কাজে বের হলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর জখম করে এবং সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২ আগস্ট রাতে মারা যান। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে শনিবার বিকেলে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সংস্থাটি জানায়, হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।