
বগুড়ার শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোপালবাড়ি সহ দেশের ১৪টি উপজেলার ১৪টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আজ উদ্বোধন করা হয়েছে। সকাল ১০টায় রাজধানী ঢাকায় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বগুড়ায় বেলা ১১:৩০টায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
প্রাথমিক পর্যায়ে সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়িতে ৪৯৬ জন নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ফ্যামিলি কার্ডের অধিকারী হবেন ৮৬৮ জন। বাকিদের কার্ড পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
ফ্যামিলি কার্ড পাওয়ার পর অধিকাংশ পরিবারের গৃহিণীরা আনন্দ প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এটি তাদের পরিবারের নিত্যপ্রয়োজনীয় কাজে সহায়ক হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন নবী সালাম সহ আরও অনেকে। জেলা প্রশাসক কার্যক্রমকে প্রান্তিক নারীদের জন্য সরকারের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন এবং জানিয়েছেন, সকাল থেকেই উপকারভোগীদের মোবাইলে টাকা পৌঁছে গেছে।