
সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি (বগুড়া):
বগুড়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. ইফতেখায়রুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কক্সবাজার থেকে সড়কপথে বিপুল পরিমাণ মাদক নিয়ে এক ব্যক্তি বগুড়ার দিকে আসছিল।
এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে শহরের পিটিআই মোড় এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। পরে পিটিআই মোড়ের ‘রেড চিলি হোটেল’-এর সামনে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার চরকিয়া থানার পূর্ব কৈয়ারবিল এলাকার বাসিন্দা আইয়ুব আলী (৩৫)।
তল্লাশিকালে তার পরিহিত পায়জামার ডান পকেট থেকে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্লাস্টিকের কৌটা উদ্ধার করা হয়। কৌটাগুলোর ভেতরে থাকা মোট ৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আইয়ুব আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।