
স্টাফ রিপোর্টার:
চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই দেশে এসেছে ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বা ২.১২ বিলিয়ন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১১ কোটি ৮১ লাখ ডলার প্রবাসী আয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক–এর মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। সে হিসেবে বছর ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৫৫ কোটি ৯০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি।
এর আগে জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স—যা দেশের ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।
ডিসেম্বরে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের সর্বোচ্চ মাসিক রেমিট্যান্স।
এছাড়া নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার, আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
অন্যদিকে, ২০২৪–২৫ অর্থবছর জুড়ে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।