
আব্দুল্লাহ, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসের কর্মসূচি শুরু হয় ভোর ৬টা ৪১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে। এরপর উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গসংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সকাল ৮টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে আলোচনা সভা ও পুষ্পার্ঘ্য অর্পণের আয়োজন করা হয়। সকাল ৯টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। একই সঙ্গে কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার ও গার্লস ইন রোভার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, থানার ওসি মাহমুদ হাসান নাঈম, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন।
কর্মসূচির মধ্যে সকাল ১০টা ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং ১১টা ৩০ মিনিটে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্যদিকে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা শাখা জামায়াতে ইসলামী বিজয় র্যালি আয়োজন করে।
দিনব্যাপী আয়োজনে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।