
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং প্রস্তাবিত সার নীতিমালা ২০২৫ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী প্রায় ৪৫ হাজার খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের অনুমোদিত কার্ডের মাধ্যমে কৃষকদের সার সরবরাহ করে আসছেন। তারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, নতুন নীতিমালার ফলে তাদের ডিলারশিপ বাতিল হলে শুধু ব্যবসায়ীরা নয়, প্রান্তিক কৃষকরাও ক্ষতিগ্রস্ত হবেন।
ডিলাররা বলেন, “ডিলারশিপ বাতিল হলে আমাদের জীবিকা বন্ধ হয়ে যাবে এবং অনেক পরিবার ভুগবে।”
মানববন্ধনের শেষে প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করেন। তারা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, মানববন্ধনে অংশগ্রহণকারীরা ন্যায্য দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বড় ও কঠোর কর্মসূচি নেয়ার হুমকি দিয়েছেন।