
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুর শহরের বাইতুল আমান বাজারে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন দিলীপ কুমার রায়ের মালিকানাধীন ‘মেঘলা জুয়েলার্স’ নামের স্বর্ণের দোকানে এই সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র ডাকাতদল ধারালো অস্ত্র নিয়ে বাজারে প্রবেশ করে। তারা প্রথমেই দায়িত্বে থাকা নাইটগার্ড আব্দুর রহিম ও শেখ ফয়েজ উদ্দিন-এর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তাদের মাথা ও ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়, ফলে তারা গুরুতর আহত হন।
পরবর্তীতে ডাকাতরা দোকানের কেচিগেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রুপার গহনা এবং নগদ ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
আহত দুই নাইটগার্ডকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তারা হাসপাতালের ছয়তলা ভবনের নিউরো সার্জারি ওয়ার্ড (পুরুষ ইউনিট-২) এ চিকিৎসাধীন রয়েছেন।
স্বর্ণের দোকানের মালিক দিলীপ কুমার রায় বলেন,
“ডাকাতরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে দোকানের সবকিছু লুট করে নিয়ে গেছে। আমরা আইনি ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি।”
ঘটনার পরপরই ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।