
মোঃ শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ এক দিনের সফরে ফরিদপুরে এসে উন্নয়ন প্রকল্প উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার সকালে ঢাকার বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরে পৌঁছে তিনি ভাঙ্গা উপজেলার শরীফাবাদ এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন। “দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার পুনঃখনন” কর্মসূচির আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। এতে শরীফাবাদ থেকে কুমার নদ পর্যন্ত এবং ঘারুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় খাল পুনঃখনন করা হবে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, খাল পুনঃখনন উদ্যোগ কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না।
এরপর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে কবি জসীমউদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানে ‘মৃত্যুঞ্জয়ী জসীম উদ্দীন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন এবং কবির সাহিত্যকর্ম ও গ্রামীণ সংস্কৃতিতে অবদানের কথা তুলে ধরেন।
পরে তিনি জসীম কমপ্লেক্স ও ‘সোজন বাদিয়ার ঘাট’ পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, জেলার ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ফরিদপুর হেরিটেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ঐতিহ্য ও পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।
দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় উন্নয়ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। তিনি সংশ্লিষ্টদের সততা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সফরের শেষ পর্যায়ে সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এবং জেলার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।