
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে অন্তত ৮–১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং ৩–৪টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বোয়ালমারি ও সালথা উপজেলার সংযোগস্থল ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া এলাকার মুশফিক বিল্লাহ জিহাদ এবং পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর-এর সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে খারদিয়া, নটখোলা, ময়েনদিয়া, পরমেশ্বরদী, তেলজুড়ি ও হাসামদিয়াসহ আশপাশের কয়েক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েক একর জমির ফসলও নষ্ট হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান জানান, বাজার নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।