
মো: শাহীন হাওলাদার
ক্রাইম রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে এক কিশোর শ্রমিকের মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-১০।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব-১০ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মাগুরা জেলার শ্রীপুর থানা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, বোয়ালমারী থানাধীন সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে সংঘটিত এ ঘটনার পর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিল। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা সম্ভব হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি রাতে ডোবরা গ্রামে অবস্থিত একটি জুট মিলে কর্মরত মো. সজিব ওরফে শরীফ (১২) কাজ শেষে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি সকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ভিকটিমের পিতা বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৭, তারিখ-২৬/০২/২০২৬ খ্রি., ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।