
আরিফ হাসান গজনবী, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ নিয়ে আবারও প্রশংসিত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
তাঁর উদ্যোগে বাগেরহাটের রামপাল উপজেলা-এ “অন্ধত্ব প্রতিরোধ কর্মসূচি” শীর্ষক বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) উপজেলার পেড়িখালী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)-এর আয়োজনে এবং প্রতিমন্ত্রীর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা মানুষের ভিড়ে ক্যাম্প এলাকা মুখর হয়ে ওঠে।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ছানি অপারেশনের জন্য উপযুক্ত রোগী বাছাই করা হয়। আয়োজকরা জানান, নির্বাচিত রোগীদের পর্যায়ক্রমে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, থাকা-খাওয়া, যাতায়াত ও ওষুধের ব্যবস্থা করা হবে।
প্রতিমন্ত্রী বলেন, “গ্রামের অনেক অসহায় মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা নিতে পারেন না। তাই তাদের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতেই এ উদ্যোগ।”
তিনি আরও বলেন, “এই ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে কেউ অর্থের অভাবে দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলেন।”
উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, রামপালসহ আশপাশের অঞ্চলে কর্মসংস্থান, সুপেয় পানি, অবকাঠামো উন্নয়ন, সড়ক-সেতু নির্মাণ এবং নদীভাঙন রোধে কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন চোখের সমস্যায় ভোগা অনেক দরিদ্র মানুষ এই ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন।
উল্লেখ্য, প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৫ হাজারেরও বেশি দরিদ্র রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন করেছেন।