
বিনোদন প্রতিবেদক, আমার সকাল ২৪।
নেপালের মুস্তাং জেলার জমসমে শুটিং করা মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’ মুক্তি পেয়েছে। গানের মিউজিক ভিডিওতে মডেল ও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহমেদ রেহান, যেটি গেয়েছেন সংগীতশিল্পী কোনাল ও নিলয়। গানটি শনিবার (৩১ জানুয়ারি) গাংচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় এবং দর্শক ও সংগীতপ্রেমীদের প্রশংসা কুড়াচ্ছে।
শুটিং হয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,৭৬০ মিটার উচ্চতায় অবস্থিত জমসমে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ স্থান বহুদিন ধরেই বলিউড নির্মাতাদের প্রিয় শুটিং লোকেশন।
গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, যৌথভাবে সুর করেছেন ঢাকার আভ্রাল সাহির ও কলকাতার লিংকন, এবং সঙ্গীতায়োজন করেছেন আভ্রাল সাহির। নির্মাণে রয়েছেন তানিম রহমান অংশু।
গাংচিল মিউজিকের কর্ণধার ও গীতিকার আসিফ ইকবাল গানটি ‘পিউর রোমান্টিক’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষ্য, “‘ও জান’-এ রয়েছে জেনজি সময়ের এক নিটল প্রেমের গল্প, যেখানে কথা, সুর, কণ্ঠ এবং দৃশ্যায়নের প্রতিটি স্তরে আছে নতুন সংযোজন।”
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী নতুন বছরকে ‘ও জান’ দিয়ে বরণ করার কথা থাকলেও, সার্বিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই বছরের প্রথম মাসের শেষ দিন ৩১ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হলো।