
মাহমুদ হাসান রুবেল
শৈলকুপা উপজেলা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন শৈলকুপা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র জনাব খলিলুর রহমান।
সম্প্রতি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেন।
খলিলুর রহমান জানান, ইতোমধ্যে তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন। বিশেষ করে দরিদ্র ও সাধারণ মানুষের সমস্যার কথা শুনে শৈলকুপা পৌরসভাকে কীভাবে আধুনিক ও স্মার্ট শহর হিসেবে গড়ে তোলা যায়, সে বিষয়ে মতামত সংগ্রহ করছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ১৯৯১ সালে পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে প্রায় ১৭ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালন করে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি আরও বলেন, “যদি শৈলকুপা পৌরবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে আবারও নির্বাচিত করেন, তাহলে আমি শৈলকুপাকে একটি আধুনিক মডেল পৌর শহর হিসেবে গড়ে তুলতে চাই। এলাকার উন্নয়নমূলক কাজ পুনরায় চালুর পাশাপাশি মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে।”
খলিলুর রহমান বলেন, যুবসমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি শৈলকুপা পৌরবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।