
সাইফুল ইসলাম রাজু, স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ মানুষের সাথে ভয়াবহ প্রতারণা ও জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রির চাঞ্চল্যকর ঘটনা ফাঁস হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হারার বাড়ি এলাকার একটি নির্জন প্লটে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ৯টি জবাই করা এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে নির্জন স্থানে ঘোড়া জবাই করে আসছিল। পরে সেই মাংস কম দামে গরুর মাংস হিসেবে বিভিন্ন মাংসের দোকান ও পূর্বাচলের রেস্তোরাঁগুলোতে সরবরাহ করা হতো। ফলে সাধারণ ক্রেতারা না বুঝেই গরুর মাংস ভেবে এই মাংস ক্রয় ও ভক্ষণ করছিলেন।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, ভোরে প্রায় ২০টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে সেখানে নিয়ে আসা হয়। এর মধ্যে ৯টি ঘোড়া ইতোমধ্যে জবাই করা হয়েছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে ঘটনাটি প্রকাশ পায়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জবাই করা ৯টি ঘোড়ার দেহ এবং জবাইয়ের অপেক্ষায় থাকা আরও ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই চক্রটি পরিকল্পিতভাবে রাতের আঁধারে এ ধরনের কার্যক্রম চালাত এবং সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে বাজারে ঘোড়ার মাংস ছড়িয়ে দিত। ইতোমধ্যে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।