
মো. আরফান আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের করণাই বাজার এলাকায় শনিবার (১৪ মার্চ) গভীর রাতে গ্রামীণ টাওয়ারের তিনটি ট্রান্সফরমার চুরি করার চেষ্টা করে দূর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুর রহমানের বাসার পশ্চিম পাশে স্থাপিত ট্রান্সফরমারগুলো চুরি করার আগে দূর্বৃত্তরা প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে তারা বিদ্যুৎ লাইনের তার কেটে একটি ট্রান্সফরমার পিলার থেকে খুলে নিচে নামিয়ে আনে। তবে আশপাশে লোকজনের চোরের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ট্রান্সফরমারগুলো লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ঝালাই করা থাকায় দূর্বৃত্তরা সেগুলো সম্পূর্ণভাবে নিতে পারেনি। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী পরিবারের সদস্যরা পিলারে দুটি এবং নিচে নামানো একটি ট্রান্সফরমার দেখতে পান। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয়দের জানানো হয়।
স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে একই স্থানে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দ্রুত তদন্তের দাবী জানিয়েছেন এলাকাবাসী।