
শাহিনুর রহমান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর–সৈয়দপুর মহাসড়কে বাস ও বাইসাইকেলের সংঘর্ষে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডি ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসহাক আলী বেলাইচন্ডি ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত ইব্রাহিম প্রামানিকের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চাল বানানোর উদ্দেশ্যে চৌমুহনী বাজারে গিয়েছিলেন ইসহাক আলী। বাজার থেকে ফেরার পথে মহাসড়কের পাশ দিয়ে মুন্সিপাড়া গ্রামে প্রবেশের সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।