
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ
নোয়াখালীর সেনবাগে পারিবারিক বিরোধের জেরে কুরআন শরীফ অবমাননার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান নামে ওই যুবকের সঙ্গে তার স্ত্রী ও মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। কয়েক দিন আগে তার স্ত্রী বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামে বাবার বাড়িতে চলে যান।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসান বাড়িতে এসে মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ঘরে থাকা কুরআন শরীফ ছিঁড়ে ফেলার পাশাপাশি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে হাসান বাড়ি ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের দিকে শ্বশুরবাড়িতে স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে বাকবিতণ্ডার সময় তিনি স্ত্রীর বড় ভাই লিটনকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে সেনবাগ থানা পুলিশকে খবর দেন। পুলিশ তাকে হেফাজতে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।