প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো

খানহাটে পর্যটক এক্সপ্রেসের সঙ্গে মাছবোঝাই ট্রাকের সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো
উথোয়াই খৈ রাখাইন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেললাইনের চন্দনাইশের খানহাট স্টেশন সংলগ্ন এলাকায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মাছবোঝাই একটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, পটিয়া স্টেশন অতিক্রম করার পর খানহাট এলাকায় রেললাইনের পাশে পার্কিং করে রাখা মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে পর্যটক এক্সপ্রেসের কয়েকটি বগির প্রায় ১০ থেকে ১২টি দরজা খুলে পড়ে যায় এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, ট্রেনের সঙ্গে মিনি ট্রাকের ঘষা লাগার ঘটনায় ট্রেনের দরজাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তবে এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)