
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
মুন্সীগঞ্জে পৃথক দুইটি অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ মার্চ) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু উত্তর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম (পিপিএম) এর নির্দেশনায় জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশের এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টিম বিকাল সাড়ে ২টার দিকে পদ্মা সেতু (উত্তর) থানার উত্তর মেদেনীমন্ডল এলাকায় অভিযান চালায়। এসময় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম বাবুর বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা থানার ধানোকাটি এলাকায়। বর্তমানে তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অপরদিকে রাবেয়ার বাড়ি শরীয়তপুর জেলার পদ্মা সেতু দক্ষিণ থানার নকিরি মাদবরের চরকান্দি এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক সরবরাহ চক্রের আরেক সদস্যের তথ্য পেয়ে একইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মেদেনীমন্ডল খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকার ওজন স্কেলের সামনে ঢাকা-মাওয়া মহাসড়কে আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ সোয়েব ওরফে সৌরভ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে আরও ১০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার সোয়েবের বাড়ি গোপালগঞ্জ জেলায় হলেও তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ নিয়ে দুই দফা অভিযানে মোট ২৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, একটি সংঘবদ্ধ মাদক চক্র দীর্ঘদিন ধরে পদ্মা সেতু এলাকা ব্যবহার করে ইয়াবা পাচার করে আসছিল।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে পুলিশ আরও কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।