প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১১:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক

নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবু সালেহ রিয়াজ | আমার সকাল ২৪
নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় পৃথক স্থানে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় এবং র্যাব-১১ এর একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
সূত্র আরও জানায়, নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার তপাদার বাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থান নিয়ে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
পরবর্তীতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী পূর্ব বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকেও অতিরিক্ত ইয়াবা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অভিযানে মোট ৩ হাজার ৭৯৮ পিস ইয়াবা, নগদ টাকা, কয়েকটি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদক সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)