
নোয়াখালী: নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নিযুক্তির পর হারুনুর রশিদ আজাদ বলেন, “নোয়াখালী একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ জেলা। জেলা পরিষদের মাধ্যমে সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই। জনগণের প্রত্যাশা পূরণের জন্য স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করব। আশা করছি, সরকারের এই সিদ্ধান্ত জেলা পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। এ জন্য জেলা বাসীর দোয়া ও সহযোগিতা প্রয়োজন।”
হারুনুর রশিদ আজাদের রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদলের রাজনীতি থেকে। জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি দু’বার নোয়াখালী পৌরসভা বিএনপির সভাপতি হন। পরবর্তীতে নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দু’বার নোয়াখালী পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।