নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ
মোঃ আরিফ হোসেন
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলমপুর এলাকার কোমর উদ্দিন হাজি বাড়িতে পূর্ব শত্রুতার জেরে মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, একই বাড়ির জেঠাতো ভাই রুহুল আমিনের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় রুহুল আমিনের ফার্মের খাদ্যবাহী একটি গাড়ি ভুক্তভোগী ওমর ফারুকের বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ভিটে-মাটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় গাড়ি প্রবেশে বাধা দিলে রুহুল আমিন ক্ষিপ্ত হয়ে হাতে থাকা টর্চলাইট দিয়ে ফারুকের বৃদ্ধা মা মমতাজ বেগমের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, বাড়ির ভেতরে ফার্ম থাকায় এবং সেখানে শ্রমিকদের নিয়মিত অবস্থানের কারণে তারা প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ নিয়ে একাধিকবার বিরোধ সৃষ্টি হলেও কোনো কার্যকর সমাধান হয়নি বলে জানান তারা।
ভুক্তভোগী মমতাজ বেগম অভিযোগ করে বলেন, অভিযুক্ত রুহুল আমিন ও তার ছেলে নুরুল আমিন একাধিকবার তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। এর আগেও তিনি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
অভিযোগ রয়েছে, ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় আঘাত পেয়ে বৃদ্ধা অজ্ঞান হয়ে পড়ে থাকেন। পরে খবর পেয়ে তার ছেলে ওমর ফারুক ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।
পরিবারের দাবি, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে মারধরের অভিযোগ রয়েছে এবং তখনও আহত নারীকে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়েছিল।
এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ছোটখাটো বিষয় নিয়ে কিছুটা ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা পারিবারিকভাবে সমাধান করে নেব।”