প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৩:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজন গ্রেপ্তার
মোঃ মিজু সরকার হৃদয়
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে ঘরে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। এর আগে শুক্রবার রাতে বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— বড়ভিটা ইউনিয়নের মেলাবর বৈশ্যপাড়ার মৃত ইব্রাহিম ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪), মেলাবর পশ্চিমপাড়ার শ্রী নরেন চন্দ্র রায়ের ছেলে উকিল চন্দ্র রায় (২৪) এবং জলঢাকা থানার দুন্দীবাড়ি এলাকার বাহাদুর ইসলামের ছেলে স্বাক্ষর ইসলাম (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তারা ব্যাংক লোন, ভিসাসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ১টি ওয়াইফাই রাউটার, ১টি ল্যাপটপ, ১টি ডেস্কটপ কম্পিউটার এবং ৮৬২টি লটারির টিকিটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, তারা দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার সাইট পরিচালনা ও ব্যাংক লোনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)