নির্বাচন ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় যৌথবাহিনীর চেকপোস্ট ও টহল জোরদার
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টা থেকে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ, সেনাবাহিনী এবং বিজিবির সমন্বয়ে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে চেকপোস্ট স্থাপন এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, জনগণের নিরাপত্তা বজায় রাখা এবং সড়কে শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম দমনে নজরদারি বাড়ানো হয়েছে।
নির্বাচন উপলক্ষে জননিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
