নির্বাচনের আগে প্রধান সড়কে অটোরিকশার দাপট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
তৌহিদ ইসলাম, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন সড়কে লোকাল বাসের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। বাস সংকটের সুযোগে অটোরিকশা ও প্যাডেলচালিত রিকশার চলাচল কয়েকগুণ বেড়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলোতে অনেক অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বিশেষ করে অফিসগামী যাত্রী ও শিক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে।
বিশ্বরোড–খিলক্ষেত–এয়ারপোর্ট সড়কসহ (ঢাকা–ময়মনসিংহ জাতীয় মহাসড়ক N3-এর অংশ) গুরুত্বপূর্ণ রুটেও অটোরিকশা ও রিকশার অবাধ চলাচল লক্ষ্য করা গেছে। সাধারণত এসব যানবাহনের মহাসড়কে চলাচল নিষিদ্ধ বা সীমিত থাকলেও বর্তমানে তা মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
এদিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে ট্রাফিক পুলিশের উপস্থিতি না থাকায় সুযোগ পেয়ে অনেক চালক নিয়ম না মেনে চলাচল করছেন। কেউ কেউ উল্টো পথে চলাচল ও যত্রতত্র যাত্রী ওঠানামা করাচ্ছেন, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।
দুর্ঘটনার আশঙ্কা থাকা সত্ত্বেও তুলনামূলক কম ভাড়া ও সহজলভ্যতার কারণে অনেক যাত্রী বাধ্য হয়ে অটোরিকশা ব্যবহার করছেন। সংশ্লিষ্টদের মতে, নির্বাচন ঘিরে যানবাহন সংকট এবং পর্যাপ্ত নজরদারির অভাবে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে।
