নিজের পিস্তলের গুলিতে নাটোরে এসআই আহত, তদন্ত শুরু
মোঃ আমির হামজা, নাটোর:
নাটোরে নিজের ব্যবহৃত সরকারি পিস্তলের গুলিতে সাব-ইন্সপেক্টর (এসআই) মামুন হোসেন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর পুলিশ লাইনে কর্মরত এসআই মামুন হোসেন ডিউটি শেষে বাসায় ফিরে নিজের পিস্তল সংরক্ষণ করার সময় অসাবধানতাবশত গুলিবিদ্ধ হন। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
নাটোরের পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, “সাব-ইন্সপেক্টর মামুনের নিজের ব্যবহৃত পিস্তল থেকে মিসফায়ারের ঘটনা ঘটেছে। এতে তার পায়ে গুলি লাগে। খবর পেয়ে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিস্তলটি বাসায় রাখার সময় কোনোভাবে এটি সক্রিয় হয়ে যায়। এমনও হতে পারে, তার শিশু সন্তানের স্পর্শে দুর্ঘটনাটি ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চলছে।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত এসআই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল। গুলিটি তার পায়ে লেগেছে এবং তা গুরুতর নয়।
পুলিশ সুপার আরও জানান, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অস্ত্র ব্যবহারে নিরাপত্তা ও সতর্কতার বিষয়টি আরও জোরদার করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
এ ঘটনায় নাটোর পুলিশ প্রশাসন অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।
