প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১১, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের

নাসিরনগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, মামলা দায়ের
মস্ত মিয়া
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ৭টা ৫০ মিনিটে নাসিরনগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানের সময় নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর পশ্চিমপাড়া এলাকার নৌকাঘাটগামী পাকা রাস্তা সংলগ্ন জনৈক আলম মিয়ার বাড়ির পশ্চিম পাশে রাস্তার উপর অজ্ঞাতনামা ব্যক্তিরা ফেলে রেখে যায় একটি বস্তা। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তল্লাশি চালায়। পরে বস্তার ভেতর থেকে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং গাঁজার চালানটি ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজাগুলো জব্দ তালিকার মাধ্যমে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
নাসিরনগর থানা পুলিশ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)