
সোনারগাঁও, নারায়ণগঞ্জ – ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া গেলেও অন্যান্য স্টেশন নিয়ম অনুযায়ী জ্বালানি বিক্রি করছে। তবে স্টেশনগুলিতে অকটেন মজুদ সীমিত।
মোবাইল কোর্ট পরিচালনা করেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযান চলাকালে কাঁচপুরে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। সোনাখালী অঞ্চলের মেসার্স আবাদী ফিলিং স্টেশন ও এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করে দেখা যায়, তারা নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রি করছে।
পরিদর্শনের সময় আবাদি ফিলিং স্টেশনে অকটেন সরবরাহ বন্ধ পাওয়া যায়। তবে স্টেশনের কাগজপত্র যাচাই এবং নির্দিষ্ট পরিমাণে বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। অপরদিকে এস ইন্টারন্যাশনাল স্টেশন ক্রেতাদের যথাযথ বিক্রয় রশিদ প্রদান করছে।
মোবাইল কোর্টের পক্ষ থেকে সরকার প্রদত্ত প্রেস রিলিজ অনুযায়ী তেল মজুদ ও বিক্রয় সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।