
নারায়ণগঞ্জ, সোনারগাঁ – রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুর ১.৩০ থেকে ৩টা পর্যন্ত উপজেলার কাঁচপুর বাজারে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এর নেতৃত্বে অভিযান চলাকালে দুই প্রতিষ্ঠানকে পণ্যের বিক্রয় তালিকা না রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, রমজানকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করেন। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসন দুপুরে অভিযান পরিচালনা করেছে।
অভিযান শেষে ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে বাজারগুলোতে মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিদিনই অভিযান চালানো হচ্ছে। সোনারগাঁয়ে তুলনামূলকভাবে বাজার পরিস্থিতি ভালো থাকলেও কেউ যেন কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্য বৃদ্ধি বা অবৈধ মজুত করতে না পারে, সে কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহকারী কমিশনার ভূমির পেশকার বায়োজিদ এবং সোনারগাঁ থানা পুলিশের এসআই পারভেজ সহ অন্যান্য ফোর্স উপস্থিত ছিলেন।