
মোঃ শাজাহান মিয়া, ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধি:
‘আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে International Women's Day উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাঈমা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা, World Vision Bangladesh নান্দাইল এপি ম্যানেজার সাগর জন কস্তা, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজী, সাংবাদিক আঃ হান্নান আল আজাদ এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নারী জয়িতা বাবলী দাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারী ও কন্যাশিশুর অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, নারীরা বর্তমানে সমাজের প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই তাদের প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত বলেন, এই দিনটি শুধু উদযাপনের নয়; বরং নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন। জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্য দূর করে নারীর অর্জনকে মর্যাদা দেওয়াই এই দিবসের মূল বার্তা।
আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার নারীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশ আধুনিকতার পথে এগিয়ে গেলেও নারীদের অধিকার ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে এখনও অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই এসব বিষয়ে আরও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।