নান্দাইলকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় আনোয়ারুল ইসলাম চানের
মোঃ শাজাহান মিয়া, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলাকে উন্নয়নের একটি আদর্শ রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান বিশিষ্ট সমাজসেবক ও ১০ দল সমর্থিত প্রার্থী আনোয়ারুল ইসলাম চান। তিনি বলেন, নান্দাইলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়ন ঘটিয়ে এই উপজেলাকে আধুনিক ও উন্নত জনপদে পরিণত করা হবে।
আনোয়ারুল ইসলাম চান বলেন, “নান্দাইল আমার জন্মভূমি। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে আমি চাই নান্দাইলকে একটি উন্নত ও সুশাসিত উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার মান বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।”
তিনি আরও জানান, উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গ্রামাঞ্চলের রাস্তাঘাট সংস্কার, স্কুল-কলেজের অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং কৃষকদের জন্য আধুনিক প্রযুক্তি ও সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিও আরও শক্তিশালী করা হবে।
আনোয়ারুল ইসলাম চান বলেন, “উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট নয়, মানুষের জীবনমান পরিবর্তন। নান্দাইলের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।” নির্বাচিত হলে ইউনিয়ন পর্যায়ে সমান উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি নান্দাইলকে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নেতাকর্মীরা তার উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় এলাকাবাসীর মধ্যে তার নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।













