
মোঃ আমির হামজা | নাটোর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলা কারাগারের ৪১ জন বন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে নাটোর জেলা কারাগারে মোট ৭৫২ জন বন্দী রয়েছেন। এর মধ্যে ৩৩ জন নারী। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেন। তাঁদের মধ্যে ১৭ জন হাজতি ও ২৪ জন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন। নারী বন্দীদের মধ্যে দুইজন হাজতি ও একজন সাজাপ্রাপ্ত কয়েদি রয়েছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা পাওয়ার পর থেকেই বন্দীদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আগ্রহী বন্দীদের কাছ থেকে আবেদন গ্রহণ করে সব ধরনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
নাটোর জেলা কারাগারের জেলার শেখ মো. রাসেল বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বন্দীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। কারাগারে থাকা ৭৫২ জন বন্দীর মধ্যে ৪১ জন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁরা নির্বাচন কমিশনের সব নিয়ম মেনেই ভোটাধিকার প্রয়োগ করবেন।”
সংশ্লিষ্টরা বলছেন, কারা কর্তৃপক্ষের এ উদ্যোগ বন্দীদের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।