
স্টাফ রিপোর্টার: মোঃ সাগর
নাটোরের গুরুদাসপুর উপজেলা-এর মশিন্দা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিকারপাড়া এলাকায় সরকারি রাস্তা দখল করে বিএনপির নামে একটি ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে বিষয়টি আলোচনায় এলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে প্রশাসন ক্লাব নির্মাণ কার্যক্রমে তাৎক্ষণিক নিষেধাজ্ঞা জারি করে এবং সংশ্লিষ্টদের দ্রুত অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা সিমেন্ট জব্দ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি রাস্তা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। সেখানে কোনো ধরনের স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া ভবিষ্যতে ওই স্থানে পুনরায় রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, প্রশাসনের এমন কার্যকর পদক্ষেপে সরকারি সম্পদ দখলমুক্ত থাকবে এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ হবে।