
রিপোর্টার: নিত্যানন্দ হালদার
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নাজিরপুর উপজেলার স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জননেতা নজরুল ইসলাম খান। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
বক্তব্যে আলমগীর হোসেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা ফিরিয়ে আনার আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়ে নাজিরপুর উপজেলাকে একটি উন্নত, আধুনিক ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করাই আমার লক্ষ্য।” তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী প্রচারণায় কাজ করার নির্দেশনাও দেন।
জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির ৩১ দফা কর্মসূচি তুলে ধরে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জনগণের সমর্থন কামনা করেন।
জনসভা উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।