
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের জনগণের নজর এখন নতুন সরকারের শপথ গ্রহণের দিকে। সংবিধান অনুযায়ী সাধারণত সংসদ সদস্যদের শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার, কিন্তু এবারের নির্বাচনে স্পিকার না থাকায় প্রশ্ন উঠেছে, এবার শপথ কে পড়াবেন।
সংবিধান ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হওয়ার তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নিতে হবে। স্পিকার না থাকলে রাষ্ট্রপতি শপথগ্রহণের জন্য কোনো ব্যক্তি মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ না করালে বা শপথ করাতে ব্যর্থ হলে, প্রধান নির্বাচন কমিশনার তিন দিনের মধ্যে শপথগ্রহণ করাবেন।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকার চাইছে নির্বাচন শেষে দ্রুত ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে। তাই শপথগ্রহণে যে তিন দিনের সময়সীমা রয়েছে, তা অবশ্যই সরকারি প্রজ্ঞাপনের পর গণ্য হবে।
এবারের নির্বাচনে স্পিকার না থাকায় ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রপতি বা প্রধান নির্বাচন কমিশনার শপথগ্রহণ প্রক্রিয়ার দায়িত্ব নেবেন বলে সম্ভাবনা রয়েছে।