
মোঃ জিহান বাবু, উপজেলা প্রতিনিধি (ধামইরহাট):
নওগাঁর ধামইরহাট উপজেলার আমাইতাড়া এলাকায় অবস্থিত মেসার্স নাহার ফিলিং স্টেশনে আজ সকাল থেকে পেট্রোল সরবরাহ শুরু হয়েছে। শৃঙ্খলা বজায় রাখা ও সুশৃঙ্খলভাবে জ্বালানি বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে নির্দিষ্ট নিয়মে তেল বিক্রি করা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, যাদের ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে, তারা গাড়ি প্রতি সর্বোচ্চ ৪০০ টাকার জ্বালানি তেল নিতে পারছেন। আর যাদের কাছে বৈধ কাগজপত্র নেই, তারা গাড়ি প্রতি সর্বোচ্চ ২০০ টাকার তেল সংগ্রহ করতে পারছেন।
অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানো এবং সুষ্ঠুভাবে জ্বালানি বণ্টন নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে বলেও জানা গেছে।