
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়। ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে বিজয়ী করার লক্ষ্যে এ জনসভার আয়োজন করা হয়।
৮ নম্বর হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, দেশ ও জনগণের কল্যাণে ধানের শীষের বিকল্প নেই। তিনি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করে আত্রাই-রাণীনগরের উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
প্রধান বক্তার বক্তব্যে এমপি পদপ্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি জনগণের সেবা করতে চান। আগামী নির্বাচনে জনগণের সমর্থন পেলে আত্রাই-রাণীনগরকে আধুনিক ও কর্মসংস্থানমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি অঙ্গীকার করেন।
সভাপতির বক্তব্যে মো. আকরাম হোসেন সরদার বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় উজ্জীবিত হয়ে কাজ করছেন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। ব্যালটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বিজয়ী করে এলাকার উন্নয়ন ত্বরান্বিত করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর ও মো. কামরুল হাসান সাগর, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন তরফদার, উপদেষ্টা পরিষদের সদস্য মো. রেজাউন নবী তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল, শ্রী অরুণ কুমার সাহা প্রমুখ।
বক্তারা ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।