নওগাঁর আত্রাইয়ে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. তোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। আগামী ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের পাশে থেকে দুর্নীতিমুক্ত, আধুনিক ও উন্নত আত্রাই-রাণীনগর গড়ে তোলাই তাদের লক্ষ্য।
উপজেলা সদরের কর্মসূচি শেষে বিকেল ৩টায় উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারেও আরেকটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। বক্তারা দল-মত নির্বিশেষে দেশের উন্নয়ন ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।













