প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু

নওগাঁর আত্রাইয়ে বেকারদের স্বাবলম্বী করতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ শুরু
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় বেকার যুবক ও যুব নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। সরকারের রাজস্ব খাতের আওতায় “প্রযুক্তিনির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের হলরুমে ২০২৩-২০২৪ অর্থবছরের এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এবারের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জন্য তিনটি লাভজনক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে—
- গাভী পালন ও মোটাতাজাকরণ
- উন্নত জাতের গবাদিপশু পালন
- পারিবারিক হাঁস-মুরগি পালন ও আধুনিক ব্যবস্থাপনা
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি বলেন, “যুব সমাজ দেশের প্রধান চালিকাশক্তি। চাকরির পেছনে না ছুটে প্রযুক্তিনির্ভর পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষ হয়ে নিজ নিজ এলাকায় খামার গড়ে তুলতে পারবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, সহকারী শিক্ষক মো. ইব্রাহিম এবং মান্দা মহানগর কলেজের প্রভাষক মো. মামনুর রশীদসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আত্রাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বেকার যুবক ও যুব নারীরা এই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, আধুনিক পদ্ধতিতে পশুপালন ও সঠিক ব্যবস্থাপনার জ্ঞান অর্জনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ক্ষুদ্র ও মাঝারি খামার গড়ে তুলে স্বাবলম্বী হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)