
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাই উপজেলায় নিখোঁজ হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও মিজানুর আকন্দ (৩৩) নামে এক যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘদিনেও তার খোঁজ না মেলায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার ভোঁপাড়া গ্রামের মনছুর আকন্দের ছেলে মিজানুর আকন্দ গত ১০ জানুয়ারি ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাননি।
নিখোঁজ মিজানের পিতা মো. মনছুর আকন্দ জানান, মিজানুর কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রিয় সন্তানের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন। তিনি দ্রুত তার সন্তানের সন্ধান পাওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ ঘটনায় আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, জিডির ভিত্তিতে পুলিশ নিখোঁজ যুবকের সন্ধানে কাজ করছে। দেশের বিভিন্ন থানায় তার তথ্য পাঠানো হয়েছে।