প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে টিকা দেওয়ার একদিন পর ৩ মাসের শিশুর মৃত্যু
মোঃ আব্দুস ছালাম, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
আত্রাই উপজেলার ব্রজপুর গ্রামে হাম-রুবেলা টিকা দেওয়ার একদিন পর মহিমা আক্তার নামে তিন মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃত মহিমা আক্তার ওই গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ব্রজপুর কাদির টিকা কেন্দ্রের কর্মী সেজ্জাতুন শিশুটির বাবাকে ফোন করে ১৯ এপ্রিল টিকা দেওয়ার জন্য কেন্দ্রে আসতে বলেন। নির্দেশনা অনুযায়ী ১৯ এপ্রিল সকালে মা ফারজিনা আক্তার শিশুটিকে নিয়ে কেন্দ্রে যান এবং আনুমানিক বেলা ১১টার দিকে তাকে টিকা দেওয়া হয়। স্বজনদের দাবি, টিকা দেওয়ার পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরদিন ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
শিশুটির পিতা চাঁন মিয়া বলেন, “আমার মেয়েটা একদম সুস্থ ছিল। টিকা কেন্দ্রের কর্মীর ফোন পেয়ে আমরা ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু টিকা দেওয়ার পর থেকেই বাচ্চাটা ঝিমিয়ে পড়ে এবং শরীর খারাপ করতে থাকে। আমরা ভাবতেও পারিনি সুস্থ বাচ্চাটা এভাবে আমাদের ছেড়ে চলে যাবে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।”
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম বলেন, শিশুটির মৃত্যুর খবর তারা পেয়েছেন। সাধারণত টিকাদানের পর এমন ঘটনা ঘটার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)