
নওগাঁ, আত্রাই – ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন করা হয়। একই দিনে ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম জাতীয় বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তারা উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, যিনি বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের বিকল্প নেই। শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক বিজ্ঞানে আরও আগ্রহী করতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন এবং যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, সংবাদকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ