
সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ধর্ষণ, চাঁদাবাজি, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো একাধিক মামলার আসামি ঝটিকা শাহিন (৫২) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহিন বগুড়া শহরের কাটনার পাড়ার ওয়াজেদ আলীর পুত্র। তিনি একসময় বগুড়া জেলা জাতীয় যুব শ্রমিক লীগের ৫ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তবে নারী কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগের কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
জেলা ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, ঝটিকা শাহিনের বিরুদ্ধে ধর্ষণ, ভাঙচুর, নাশকতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে।