
আবু বকর সিদ্দিক :
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আব্দুল করিম ওরফে আব্দুল করিম মুন্সি (৫০), মোঃ সাদ্দাম হোসেন (৩০) এবং মোঃ মহসিন ওরফে সুন্দর আলী (৪৫)। তারা সবাই ধামরাইয়ের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ডাকাতদের ব্যবহৃত একটি গোল্ডেন রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৯৪৫৪) জব্দ করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে একটি ২৪ ইঞ্চি বড় কাটার, একটি ধারালো চাকু, একটি সেলাই রেঞ্জ, একটি হাতুরি এবং কালো টেপ মোড়ানো একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি ও ডাকাতিসহ নানা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশি রেকর্ডে জানা যায়, গ্রেফতারকৃত আব্দুল করিমের বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ পূর্বে ১৬টি মামলা রয়েছে। এছাড়া সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ৬টি এবং মহসিনের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার আসামিদের যথাযথ প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।