
মোঃ জিহান বাবু (নওগাঁর) ধামইরহাট প্রতিনিধি: ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম নাজমুল হুদা নওগাঁ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন।
পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে সম্প্রতি নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম তাঁর হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
জানা যায়, অপরাধ দমন, মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধারসহ আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। পুরস্কার প্রদানকালে পুলিশ সুপার তাঁর কর্মদক্ষতার প্রশংসা করেন এবং অন্যান্য পুলিশ সদস্যদের জনসেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
পুরস্কার গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় পুলিশ পরিদর্শক এইচএম নাজমুল হুদা বলেন, এই অর্জন তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি সাধারণ মানুষের কাছে আইনি সেবা পৌঁছে দিতে সর্বদা কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
থানায় যোগদানের পর থেকেই তিনি স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন।